কোপা দেল রে’তে গোল উৎসব করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। রায়ো মাজাদাহোন্ডাকে ৫-০ গোলে হারিয়ে শীর্ষ ষোলো নিশ্চিত করেছে তারা। এদিকে সিরিআ’য় ১-১ গোলে ড্র হয়েছে য়্যুভেন্তাস ও নাপোলির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ।
ওয়ান্ডা মেট্রোপলিটানো। নিজেদের মাঠ চেনা পরিবেশ অ্যাথলেটিকো মাদ্রিদের। লা লিগায় টানা তিন ম্যাচে রিয়াল, সেভিয়া ও গ্রানাদার কাছে হারের পর শেষ ম্যাচে রায়োকে হারিয়ে জয়ে ফিরেছে সিমিওনের দল।
লিগের পারফরমেন্সে মন ভালো নেই কোচের। জ্বলে ওঠার মঞ্চ হিসেবে তাই কোপা দেল রে’কেই যেন টার্গেট করে সুয়ারেজরা। প্রতিপক্ষ রায়ো মাজাদাহোন্ডার বিপক্ষে শুরু থেকেই সুযোগ তৈরি করেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। তবে, সহজ সুযোগগুলো বেরিয়ে যায় হাত ফসকে।
১৭ তম মিনিটে সুয়ারেজের আক্ষেপ ভুলিয়ে দেন ম্যাথিউ কুনা। লিড পায় অ্যাথলেটিকো মাদ্রিদ। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রেনান লোদি। মাজাদাহোন্ডার জ্বালে দুই গোল দিয়েও তৃপ্তির ঢেকুর তুলতে পারছিল না অ্যাথলেটিকো।
৪১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন সুয়ারেজ। বিরতির পরেও কমেনি গোলের ক্ষুধা। ৬৭ মিনিটে চতুর্থ গোল করেন আঁতোয়া গ্রিজম্যান। ৭৯ মিনিটে হোয়াও ফেলিক্স মাজাদাহোন্ডার জ্বালে বল জড়ান পঞ্চমবারের মতো। আর তাতেই বড় জয় পায় অ্যাথলেটিকো মাদ্রিদ। নিশ্চিত হয় শীর্ষ ষোলো।
অ্যাথলেটিকো মাদ্রিদের বড় জয়ের রাতে ইতালিয়ান লিগ সিরিআ’য় সমর্থকদের হতাশ করেছে য়্যুভেন্তাস। শুরুতেই ভাল সুযোগ পেয়েছিল য়্যুভেন্তাস। ফেদেরিকো বের্নারদস্কির কর্নারে ম্যাককেনির হেড বাইরে দিয়ে চলে যায়।
এরপর র্যাবিও পারেননি গোল করতে। সুযোগ হারিয়ে কপাল হাত দেওয়া ছাড়া কিছুই করার ছিল না তার। অবশেষে ২৩ মিনিটে ইনসিনিয়ের ক্রসে গোল করেন ড্রিস মের্টেন্স। বেলজিয়ান ফরোয়ার্ডের গোলে স্বস্তি ফেরে নাপোলিতে।
গোল শোধে মরিয়া হয়ে ওঠে শুরু থেকে দাপুটে খেলা য়্যুভেন্তাস। ৫৪ তম মিনিটে আসে মাহেন্দ্রক্ষণ। নাপোলির ডিফেন্ডার আমির রাহমানির ভুলের সুযোগ তাদের বুকে হুল ফোটান চিয়েসা। স্বস্তি ফেরে য়্যুভেন্তাস। ৬৩ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছিলেন চিয়েসা। কিন্তু নাপোলি গোলরক্ষক অসপিনার হয়ে দাঁড়ান চীনের প্রাচীর। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় লড়াই।