স্পোর্টস ডেস্ক: আইসিসির ফেব্রুয়ারি মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে।
সবে ২২ বছর বয়স। এ বয়সেই টেস্টের মতো মর্যাদার ফরম্যাটে বিস্ময় জাগানো পারফরম্যান্স উপহার দিচ্ছেন জশস্বী জয়সওয়াল। ৯ টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে ৩টি সেঞ্চুরি আর ৪ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। এর মধ্যে দুটি আবার ডাবল সেঞ্চুরি!
ভারতীয় ক্রিকেটের নয়া সেনসেশন বললেও বাড়াবাড়ি হবে না। ক্যারিয়ারে মাত্র ৯ টেস্ট খেলে আইসিসির ব্যাটার র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দাপুটে সিরিজ জয়েও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরই মধ্যে আইসিসি থেকে মাসসেরার স্বীকৃতি পেলেন।