১৪ ফেব্রুয়ারি আসছে বিশ্ব ভালোবাসা দিবস। প্রেমিক-প্রেমিকা বা দম্পতিরা নানাভাবে তাদের মনের কথা প্রকাশ করে থাকেন এই দিনে। তবে ভারত সরকারের চাওয়া এই দিনে ভালোবাসার মানুষকে নয়, ভালোবাসা প্রকাশ করুন গরুর প্রতি। এমনকি এদিনে গরুকে জড়িয়ে ধরতেও আহ্বান জানিয়েছে দেশটির পশু কল্যাণ বোর্ড। সংস্থাটি ১৪ ফেব্রুয়ারি “গরু আলিঙ্গন দিবস” হিসেবে পালন করার আহ্বান জানায়। যদিও একইদিনে ভালোবাসা দিবসের বিষয়ে তারা কিছু জানায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ধারণা, এই আহ্বান মোটেই কাকতালীয় নয়। গত কয়েকবছর ধরেই ভারতে ভালোবাসা দিবস উদযাপন ধর্মীয় রক্ষণশীলদের বিরোধিতার সম্মুখীন হয়েছে। মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য মন্ত্রণালয়ের অধীন পশু কল্যাণ বোর্ড বলছে, গরুকে আলিঙ্গন করলে আবেগিক সমৃদ্ধি আসবে। এটি ব্যক্তিগত ও সামষ্টিক সুখ বৃদ্ধি করবে। বোর্ডের দাবি, পশ্চিমা সংস্কৃতির বিস্তারের কারণে বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। এছাড়া ধর্মীয় নেতা আশারামের অনুসারীরাও ভারতীয়দেরকে ১৪ ফেব্রুয়ারিকে মাতৃ পিতৃপূজন দিবস ও পিতামাতার পূজা দিবস হিসাবে উদযাপন করার আহ্বান জানিয়েছেন।