আন্তর্জাতিক ডেস্ক: ১৯৭৯ সালের পর প্রথমবারের মতো বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে কানাডা। দেশটির নায়াগ্রা জলপ্রপাত থেকে ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে। এই সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে সমাগম হতে পারে অন্তত ১০ লাখ দর্শনার্থী।
তবে এ নিয়ে মধুর সমস্যায় পড়েছে কানাডার কর্তৃপক্ষ। ওই দিন লাখো দর্শনার্থীকে স্বাগত জানাতে নায়াগ্রা জলপ্রপাতের কানাডা অংশের আশপাশের শহরে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
ন্যাশনাল জিওগ্রাফি জানিয়েছে, যেসব স্থান থেকে বিরল এই সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে, নায়াগ্রা জলপ্রপাত সেগুলোর একটি। নায়াগ্রা জলপ্রপাত কানাডার অন্টারিও প্রদেশের দক্ষিণ-পূর্বে ও আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমে অবস্থিত। নায়াগ্রা নদীর প্রবাহিত পানি থেকে নায়াগ্রা জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।
নায়াগ্রা ফলস মেয়র জিম ডিওডাটি মার্চের শুরুর দিকে বলেছেন, দিনটি ঘিরে এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক দর্শনার্থীর সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশেষ এই দিন ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে আগে থেকেই জরুরি অবস্থা জারি করেছে নায়াগ্রা আঞ্চলিক পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ২৮ মার্চ এই ঘোষণা দেয়া হয়েছে। দিনটি ঘিরে অতিরিক্ত প্রস্তুতির পরিকল্পনার মধ্যে রয়েছে, যানজট নিয়ন্ত্রণ, বর্ধিত জরুরি পরিষেবার চাহিদা পূরণ এবং মুঠোফোন নেটওয়ার্কে চাপ সামলানো।
এবারের সূর্যগ্রহণ দীর্ঘক্ষণ স্থায়ী হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গত ৫০ বছরের মধ্যে এই গ্রহণ দীর্ঘতম। পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন এক সারিতে চলে আসে, যখন পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে, তখন গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরন নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। গ্রহণ দেখা যাবে আমেরিকা, মেক্সিকো, কানাডাসহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুগুলো থেকে।