টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ১৭৬ রান করেছে পাকিস্তান। জয়ের জন্য ১৭৭ রান করতে হবে অজিদের।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার বাবার আজম ও মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত শুরু করেন। বাবর এদিন ছুঁয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৫০০ রানের মাইলফলক।
৩৪ বলে ৩৯ রানের ইনিংস খেলার পর অ্যাডাম জাম্পার বলে উড়িয়ে বাউন্ডারি মারতে গিয়ে সীমানার কাছে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন তিনি। এই ফরম্যাটে তার রান এখন ২ হাজার ৫০৭। বাবর ফিরে গেলে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গ দেন ফখর জামান। ধীরে ধীরে এগিয়ে নিতে থাকলেও শেষ দিকে মারমুখী খেলেন দুই ব্যাটারই।
ইনিংসের টার্নিং পয়েন্ট ছিল ১৭তম ওভারে। সেই ওভারে জস হ্যাজেলউড ফুল টস বল ছুঁড়লে চার নেন রিজওয়ান। ফ্রি হিটে ছয় হাঁকান পাকিস্তান ওপেনার। তাতে দলের সংগ্রহ বড় হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দেয়। শেষ পর্যন্ত তা হয়ও। রিজওয়ান ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হলেও ফখর জামান ও শোয়েব মালিকরা ১৭৬ রানের বড় সংগ্রহ দাঁড় করান অজিদের সামনে।
রিজওয়ানের ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়ের মার। ৩১ বলে অর্ধশতক হাঁকান ফখর। ৩২ বলে ৫৪ রানের ইনিংসে তিনি ৩টি চার ও ৪টি ছয় মারেন। মাঝে আসিফ আলি ও শোয়েব মালিক তেমন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি ব্যাট হাতে। মালিকের ব্যাট থেকে ২ বলে আসে ১ রান। আসিফ আউট হন শূন্য রানে।
অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও জাম্পা।