কেবিনে স্থানান্তর করা হয়েছে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাত ৮টার পর তাকে কেবিনে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী ম্যাডামকে (খালেদা জিয়া) সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।’
সূত্র জানায়, রোববার বিকেলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। ওই বৈঠকের পরই তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়।
গত ১৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। দীর্ঘ প্রায় দুই মাস সিসিইউতে থাকার পর তাকে কেবিনে নেওয়া হলো। খুব শিগগিরই খালেদা জিয়া বাসায় ফিরবেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। তার রক্তক্ষরণ হচ্ছে। তাকে জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার। এক সপ্তাহ আগে জানা যায় তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত চার বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।