তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর বক্তব্য তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার রামপুরায় বিটিভি ভবনে বাংলাদেশ টেলিভিশনের ৫৮ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তথ্যমন্ত্রী। বলেন, এক্ষেত্রে তদন্ত হচ্ছে এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেটি তদন্তে বেরিয়ে আসবে এবং যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যেই নিহতদের পরিবারের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সাহায্য দেওয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি মনিটর করছেন।
ড. হাছান মাহমুদ বলেন, এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং মান্না সাহেবসহ অন্যান্য নেতারা যেসব বক্তব্য রাখছেন, সেগুলো তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব থেকেই বলছেন। তাহলে উন্নত দেশগুলোসহ পৃথিবীর বিভিন্ন দেশে এবং এদেশে আগেও যেসব দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা কি বলবেন প্রশ্ন রেখে তিনি বলেন, এর সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই।
তথ্যমন্ত্রী বলেন, সবকিছুর সঙ্গে রাজনীতি নিয়ে আসা অবান্তর। কেউ যদি বলেন, মান্না সাহেব ছয়বার দলবদল করেছেন, সেটিও কি সুশাসনের অভাবে! মির্জা ফখরুল সাহেবসহ অন্যান্য বিএনপিনেতারাও যারা খোলস বদলেছেন, সেটিও কি সুশাসনের অভাবে! এসব বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।
পরে মন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশ টেলিভিশনের ৫৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিটিভি ভবনে বঙ্গবন্ধু কর্নার, রঙতুলিতে বঙ্গবন্ধু চিত্রকর্ম ও এইচডি সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ, বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ, বেসরকারি টেলিভিশনগুলোর পরিচালকবৃন্দ, দেশবরেণ্য শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন।