নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়ায় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে পুলিশ টিয়ারসেল ও রবার বুলেট নিক্ষেপ করলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ধাওয়া পাল্টা-ধাওয়া ও ধস্তাধস্তির সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ সময় পুলিশ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ চারজনকে গ্রেফতার করে।