২০০ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে দেশে পৌঁছেছে। রবিবার বেলা ১১ টার দিকে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে সড়কপথে ঢাকায় নেওয়া হবে। মহামারি মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন গণমাধ্যমে জানান, ভারত থেকে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন শনিবার রাত ১০ টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। এরপর আজ সকালে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।’
২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর এই প্রথম কোনো প্রতিবেশী দেশে ‘অক্সিজেন এক্সপ্রেস’ পাঠালো ভারত সরকার।
এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি ‘অক্সিজেন এক্সপ্রেস’ চালু করা হয়েছিল। এর ফলে দ্রুত ও স্বল্প খরচে অক্সিজেন পৌঁছে যাবে বিভিন্ন হাসপাতালে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।