1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 25, 2026, 7:32 pm
সংবাদ শিরোনাম :

রোজায় ডায়াবেটিস রোগীদের করণীয়

  • প্রকাশিত : Wednesday, March 29, 2023
  • 494 বার পঠিত

চলছে সারাবিশ্বের মুসলমানদের পবিত্রতম মাস রমজান। এই মাসে খাদ্য গ্রহণের সময় বদলে যায়। ইফতার ও সেহরির মধ্যে অল্প সময়ে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়া হয়। কিছু খাবার খাদ্যতালিকায় নতুন করে যুক্ত হয়। এগুলোর কোনো কোনোটি রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয়। এ কারণে ডায়াবেটিস রোগীদের এই সময় প্রায়ই রক্তে গ্লুকোজের আধিক্য সৃষ্টি হয়। অন্যদিকে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে হতে পারে গ্লুকোজের ঘাটতিও। তাছাড়া এই সময় ডায়াবেটিস রোগীদের ওষুধ খাওয়ার সময়ও বদলে যায়। তাই রোজা রাখার জন্য ডায়াবেটিস রোগীদের বেশকিছু সতর্কতা মেনে চলা জরুরি। সম্প্রতি ডায়াবেটিস রোগীদের জন্য সুস্থভাবে রোজা রাখতে একটি গাইডলাইন প্রকাশ করেছে অনলাইন ভিত্তিক চিকিৎসকদের প্ল্যাটফর্ম বিডি ফিজিশিয়ান। কীভাবে চিকিৎসা ব্যবস্থাপনার মাধ্যমে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রেখে রোজা রাখা যেতে পারে, কী ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা নেওয়া উচিত, ইত্যাদি বিষয়ে ওই গাইডলাইনে তুলে ধরা হয়েছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট)-এর একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ। ওই গাইডলাইন তৈরির সঙ্গে জড়িত চিকিৎসকদের একজন ডা. শাহজাদা সেলিম যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে বলেন, “ডায়াবেটিস রোগীদের কঠোর নিয়মকানুন মেনে খাবার ও ওষুধ গ্রহণ করতে হলেও তারাও রোজা রাখার চেষ্টা করেন। কিন্তু অনেকেই হাইপো বা নানারকম সমস্যায় পড়েন।” বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের  এই সহযোগী অধ্যাপক বলেন, “রোজার সময় দেখা যায়, অনেক ডায়াবেটিক রোগী অসুস্থ হয়ে পড়েন। তারা যেন সঠিক চিকিৎসা পান এবং অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকরা যেন তাদের সঠিক চিকিৎসা দিতে পারেন, সেজন্য রোজার সময় ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনার এই গাইডলাইনটি তৈরি করেছি।” তিনি জানান, রক্তে চিনির মাত্রা খুব কমে গেলে অনেক সময় মানুষ অচেতন বা অজ্ঞান হয়ে পড়তে পারেন, যাকে বলা হয় হাইপো বা হাইপোগ্লাইসিমিয়া। আবার রক্তে চিনির মাত্রা খুব বেশি হয়ে গেলে হাইপারগ্লাইসিমিয়া হতে পারে। তখন অবসান, মাথাঘোরা, মাথাব্যথা, ঝাপসা দৃষ্টি ইত্যাদি সমস্যার তৈরি হতে পারে। এ কারণে ডায়াবেটিস রোগীদের রক্তে চিনির মাত্রা সবসময় নিয়ন্ত্রিত রাখতে হবে।

ওষুধ ও খাদ্যের সমন্বয়

ডায়াবেটিস রোগীদের বিকেল বেলায় রক্তের গ্লুকোজ কমে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে। আবার অনেকে হাইপো হতে পারে, এমন আশঙ্কায় ওষুধ না খেলে বা কম খেলেও সমস্যার তৈরি করতে পারে। ফলে তাদের ওষুধের সমন্বয় ও খাদ্য ব্যবস্থাপনা করতে হবে।

পাঁচ বেলা চিনির মাত্রা পরীক্ষা

রোজা শুরুর অন্তত প্রথম তিনদিন পাঁচ বেলা রক্তে চিনির মাত্রা নিয়মিতভাবে মাপতে হবে। এটা হলো সকালে ঘুম থেকে ওঠার পর, আবার সকাল ১১টায়, বিকাল ৪টায়, ইফতারের ঠিক আগে এবং ইফতারের দুই ঘণ্টা পরে। এসব পরীক্ষার ফলাফল দেখে চিকিৎসকের পরামর্শে ওষুধ ও খাদ্যের সমন্বয় করে নিতে হবে। ডা. শাহজাদা সেলিম বলেন, “ইসলামি বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস বিশেষজ্ঞরা মিলে একত্রে সিদ্ধান্ত দিয়েছেন, রোজার সময় রক্ত পরীক্ষা এবং দিনের বেলায় ইনসুলিন নিলেও রোজা ভঙ্গ হবে না।”

খাবারের সময় পরিবর্তন

যাদের সকালে নাস্তার আগে বা পরে ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, সেটি তারা ইফতারের সময় খাবেন। আর রাতের ওষুধ খাবেন সকালে সেহরির সময়। দুপুরের ওষুধ চিকিৎসকের সঙ্গে কথা বলে সমন্বয় করে নিতে হবে। ডায়াবেটিস রোগীদের কিছুক্ষণ পরপর অল্প খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু রোজার সময় তাদের প্রায় ১৪/১৫ ঘণ্টা না খেয়ে থাকতে হয়। ফলে ভোরে ওষুধের মাত্রা একই রকম থাকলে বিকালের দিকে রক্তে চিনির মাত্রা অনেক কমে যাওয়ার আশঙ্কা থাকে, বিশেষ করে যারা ইনসুলিন গ্রহণ করেন, তাদের জন্য। এ জন্য ভোরে ইনসুলিন গ্রহণের পরিমাণ অর্ধেকের কাছাকাছি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

রক্তে চিনির মাত্রা ৩.৯ হলে আর রোজা নয়

ডা. শাহজাদা সেলিম বলেন, “আমরা রোগীদের বলি, আপনি নিয়মিত রক্তের গ্লুকোজ মাপবেন। সেখানে যদি দেখতে পান যে, গ্লুকোজের মাত্রা ৩.৯ এর নিচে নেমে এসেছে, তাহলে আর আপনার রোজা অব্যাহত রাখা ঠিক হবে না। কারণ হাইপো হয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন বা মৃত্যুও হতে পারে।” তিনি জানান, দিনের যেকোনো সময় এটা হলে তাকে দ্রুত খাবার খেতে হবে। বিশেষ করে দুপুরে বা বিকালে হলে তার কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না। তবে এটা যদি ইফতারের আগে আগে দেখা যায় ৪.৫ বা ৫ আছে, হয়, তাহলে হয়তো তিনি আর কিছুটা অপেক্ষা করতে পারেন। কিন্তু এটা সকালে বা দুপুরে হলে তার বিকেলে তার হাইপোগ্লাইসিমিয়া হওয়ার ঝুঁকি থাকবে। আবার একইভাবে কারও রক্তে চিনির মাত্রা ১৬.৭ বা তার চেয়ে বেশি, তিনিও রোজা অব্যাহত রাখলে নানারকম জটিলতায় আক্রান্ত হবেন। তার তখন দ্রুত ওষুধ খাওয়া উচিত।

শারীরিক পরিশ্রম

ডায়াবেটিস রোগীদের নিয়মিত শারীরিক পরিশ্রম করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে রোজার সময় তাদের এই অভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে নীতিমালায়। ডা. শাহজাদা সেলিম বলেন, “অনেক রোগী সকালে বা ভোর বেলায় হাঁটেন। এখানে নীতিমালা হলো যাদের শারীরিক শ্রমের দরকার আছে কিন্তু ওজন কমানোর দরকার নেই, তারা তারাবির নামাজ পুরোটা পড়লে শারীরিক শ্রম হয়েছে বলে ধরে নেওয়া যায়। কিন্তু যাদের ওজন কমানোর দরকার আছে, তাদের তারাবির নামাজের পর ২০ থেকে ৪০ মিনিট হাঁটতে হবে। কিন্তু দিনের বেলায় যতটা সম্ভব শারীরিক শ্রম তাদের বর্জন করতে হবে। একান্তই করতে হলে সকালে বা ভোরে করতে পারেন, কিন্তু বিকেলে করা যাবে না।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park